বরিশাল ডিআইজি কার্যালয় থেকে দুটি কালনাগিনী উদ্ধার
বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে দুটি বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ তিন ঘণ্টার বিশেষ অভিযানে কার্যালয়ের সিলিং ও দেয়ালের একটি অংশ ভেঙে সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর ভয়েসলেস’র সদস্যরা।
গতকাল রোববার (৭ মে) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অংশ নেন সংগঠনটির সভাপতি ইয়াসিন এম তানভীর ও পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা।
উদ্ধারকারীরা জানান, ডিআইজির অফিস কক্ষে সাপের উপস্থিতি টের পাওয়ার পর তাদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করার একপর্যায়ে সাপ দুটি কক্ষের সিলিং ও দেয়ালের ভেতরে অবস্থান করছে বলে তারা নিশ্চিত হন। পরে সিলিং ও দেয়ালের অংশ বিশেষ সতর্কতার সঙ্গে অপসারণ করে প্রায় সাড়ে তিন ফুট লম্বা সাপ দুটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভবনের এসির পাইপের পথ ধরে সাপগুলো ভেতরে প্রবেশ করেছিল।
সংগঠনটির সভাপতি ইয়াসিন এম তানভীর বলেন, সাপ দুটি কালনাগিনী প্রজাতির। এগুলো মৃদু বিষধর হলেও সাধারণ মানুষের মধ্যে এ প্রজাতি সম্পর্কে এক ধরনের আতঙ্ক ও সচেতনতার অভাব রয়েছে।
অন্যদিকে সংগঠনের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, অভিযানটি বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ সাপ দুটি দেয়াল ও সিলিংয়ের ভেতরে লুকিয়ে ছিল। সাপ ও মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হয়েছে। উদ্ধার শেষে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশালের রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, কক্ষের ভেতরে সাপ থাকার বিষয়টি বুঝতে পারার পর আমরা দ্রুত ‘ভয়েস ফর ভয়েসলেস’র সাথে যোগাযোগ করি। তাদের সদস্যরা এসে অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তাদের আন্তরিকতায় সাপ দুটি নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল