ক্লাস চলাকালে শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল চলন্ত ফ্যান
পাবনায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে তামজিদ (১০) নামে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণিতে এই দুর্ঘটনা ঘটে।
আহত তামজিদ পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটে টিফিন শেষে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালীন সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষের একটি চলন্ত সিলিং ফ্যান হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে সে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্কুলের শিক্ষকরা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধসহ তাকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার আঘাত খুব বেশি গুরুতর নয়। যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই তার বাবার কোনো অভিযোগ নেই।
মাহবুব আলম আরও বলেন, আমরা নিয়মিতই স্কুলের বৈদ্যুতিক সরঞ্জাম ও ফ্যানগুলো পরীক্ষা করি। যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, তাই নতুন করে স্কুলের প্রতিটি কক্ষের সব ফ্যান আবার চেক করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের জায়গায় নতুন ফ্যান স্থাপন করা হবে।
পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার প্রভাতী ও দিবা শিফট মিলিয়ে বর্তমানে মোট ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)