পুশইন নিয়ে কূটনীতির মাধ্যমে সমাধানের কাজ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমাধানের কাজ করছে। এক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। ভারত থেকে পুশইন করার চেষ্টা করা হচ্ছে, বিজিবি সেগুলো প্রতিহত করছে। পুশইন বন্ধের জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১২ থেকে ১৩টি চিঠি দিল্লিতে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরে সালথা প্রেসক্লাব উদ্বোধন শেষে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, যেকোনো দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। আমরা আশা করব, ভারত সরকার সে নীতিমালা মেনে কাজ করবে। যদি ভারতের কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে থাকে, সেক্ষেত্রে কূটনীতির নিয়ম মেনে বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠাবে। ভারত সরকার রাতের আঁধারে পুশইন করা থেকে বিরত থাকবে বলে আমরা আশা করি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে বলেন, বৃহস্পতিবার বিএনপি সরকার ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছে। আপনারা যদি এই বাজেট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন, তাহলে এই বাজেট বাংলাদেশের ইতিহাসে যেকোনো সময়ের থেকে জনবান্ধব, মানবিক ও নারীবান্ধব। এই বাজেটে বহু কিছু রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ দ্রব্য থেকে ভ্যাট ও কর মওকুফ করা হয়েছে।
এ সময় সালথা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার ও বিএনপিনেতা আসাদ মাতুব্বরসহ অন্যান্যরা।
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সালথা উপজেলা বাজারে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর