রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসফেরত এক আত্মীয়কে আনতে প্রাইভেটকার নিয়ে ঢাকা যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। ভোরে কালুখালীর গান্ধীমারা এলাকায় পাংশা হাইওয়ে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আব্দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী