অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা যুবদল। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিল শহরের মিজান ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বড় মসজিদ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
মিছিল ও সমাবেশে জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিপুল নেতাকর্মী অংশ নেয়।
মিছিল ও সমাবেশে অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয় এবং সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায় নাছির উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক ভিপি বেলাল, আমজাদ হোসেন সুমন, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত।
বক্তারা বলেন, অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে দায়িত্বশীল, সহনশীল ও ইতিবাচক রাজনৈতিক চর্চা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী