প্রশ্নফাঁসে এমন শাস্তি দেওয়া হবে যে সারা জীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী
প্রশ্নফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের প্রশ্নফাঁস হতে দেওয়া যাবে না। প্রশ্নফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এমন শাস্তি দেওয়া হবে যে দেশের মানুষ সারাজীবন মনে রাখবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহার করবে। এছাড়া পরীক্ষায় অনিয়মরোধে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে।
এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে কোনো ব্যত্যয় করা যাবে না। এছাড়া একটি কন্ট্রোল রুম ও মনিটর থাকতে হবে। পাশাপাশি ভিডিওগুলো সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অনিয়মের অভিযোগ এলে সেগুলো যাচাই করা যায়।
এহছানুল হক মিলন আরও বলেন, আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন দক্ষ শিক্ষক। এজন্য শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় থাকার সুযোগ নেই। এজন্য শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক