যেসব এলাকায় রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় রোববার থেকে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। আজ শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে বলা হয়, আগামীকাল রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এসব এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)