লালমনিরহাটে কমছে তিস্তার পানি
ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢল এবং টানা ভারি বর্ষণের ফলে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি বৃদ্ধি ও কমার মধ্যেই নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত রয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্য মতে, সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির বর্তমান সমতল ৫১ দশমিক ৯৮ মিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও তলিয়ে রয়েছে ফসলি জমি। গবাদিপশু, শিশু ও বৃদ্ধদের নিয়ে পানিবন্দি শতশত পরিবার মানবেতর জীবনযাপন করছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। উপদ্রুত এলাকার মানুষের জরুরি সহায়তার জন্য ইতোমধ্যে ২২০ মেট্রিক টন চাল এবং পাঁচ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানিয়েছেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) মাঠ পর্যায়ে সরাসরি উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)