ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচের মাঠে সমর্থকের মৃত্যু
বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই মাঠের মধ্যে খোকন কর্মকার (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। নিহত খোকন কর্মকার তালতলী শহরের বাসিন্দা দিলীপ কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় তালতলী সরকারি কলেজ মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশ নিতে দুই দলেরই ১১ জন করে খেলোয়াড় মাঠে নেমে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ আর্জেন্টিনা দলের খেলোয়ার খোকন কর্মকার বুকে তীব্র ব্যথা অনুভব করে মাঠে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে অন্য খেলোয়াড় ও উপস্থিত দর্শকরা তাকে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ম্যাচের প্রত্যক্ষদর্শী মো. সোলায়মান জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে খেলোয়াড়রা মাঠে প্র্যাকটিস বা গা-গরম করছিলেন। এ সময় হঠাৎ খোকন অসুস্থ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তিনি আর বেঁচে নেই।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী দাস সানি বলেন, খোকন কর্মকারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় ও ফুটবলপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)