ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত
ফরিদপুর-ঢাকা মহাসড়কের নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার (৫ জুলাই) সন্ধ্যার আগে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ফরিদপুর অভিমুখী সাকুরা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নগরকান্দাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ফাহিম মাতুব্বর (২৩) নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম মাতুব্বর চকনাউডুবি এলাকার জাহিদ মাতুব্বরের ছেলে এবং রফিকুল মাতুব্বর একই এলাকার কাউছার মাতুব্বরের ছেলে। তারা উভয়েই ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের বাসিন্দা।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর