ঢামেক হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী ঘটনার বর্ণনা দিয়ে গণমাধ্যমকে বলেন, ‘জরুরি বিভাগের পাশে এক নারী অচেতন অবস্থায় পড়ে আছেন—এমন খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান যে তিনি আর বেঁচে নেই।’ তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আমরা এখনো ওই বৃদ্ধার নাম-পরিচয় জানতে পারিনি। পরিচয় শনাক্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে খবর দেওয়া হয়েছে। বর্তমানে আধুনিক প্রযুক্তির সহায়তায় তার আঙুলের ছাপ ও অন্যান্য তথ্য মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক