স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা কম হওয়ায় এ খাতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকার তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করছে। তিনি বলেন, দেশে জনসংখ্যা বেশি হলেও সেই অনুপাতে স্বাস্থ্যসেবা প্রদানকারী জনবল নেই। ফলে স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে নতুন উদ্যোক্তা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ কারণে সরকার স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অনেক চিকিৎসক নতুন নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজ করছেন। একই সঙ্গে বাংলাদেশের ওষুধশিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে, যা দেশের স্বাস্থ্যখাতের জন্য ইতিবাচক দিক।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নে উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং নতুন স্বাস্থ্য উদ্যোক্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক