চীনা কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি চীনা মালিকানাধীন তালা তৈরির কারখানার শ্রমিকরা উথলী-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার নবগ্রাম এলাকায় শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে পাটুরিয়াগামী ও ঢাকামুখী শত শত যানবাহন আটকা পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
কারখানার শ্রমিক, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নবগ্রাম এলাকায় চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরেই তারা সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন না এবং জীবনযাত্রার ব্যয় বাড়লেও মজুরি সমন্বয় করা হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। পাশাপাশি অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই এবং প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আজ সকালে তিন শতাধিক শ্রমিক কারখানা থেকে বের হয়ে প্রথমে মহাসড়কের পাশে অবস্থান নেন। পরে সকাল ১০টার দিকে উথলী-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
খবর পেয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মণীষা রানি কর্মকার, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। একপর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাসের পর বেলা পৌনে ১টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন এবং প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়ক ছাড়লেও শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
কারখানাটির সহকারী ব্যবস্থাপক আল মামুন হোসেন বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির সমাধানের চেষ্টা করা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সরকারি নির্ধারিত বেতন-ভাতাসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ