টানা বৃষ্টিতে বসতঘরে জলাবদ্ধতা, ঘুমের ঘোরে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু
ঘুমের সময় খাট থেকে নিচে জমে থাকা পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশু আয়াসের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) সকালে ময়মনসিংহের ব্রাহ্মপল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় বাসিন্দা আবির মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম।
আরও পড়ুন : জুলাই বিরোধী আখ্যা দিয়ে স্বাস্থ্য পরিচালককে বের করে কক্ষে তালা
শিশুর স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, টানা বৃষ্টিতে নগরের অনেক নিচু এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করে। পানি প্রবেশ করেছিল আবির মিয়ার বসতঘরেও। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আয়াস তার মায়ের সঙ্গে খাটে ঘুমিয়েছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে খাট থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যান।
আরও পড়ুন : পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত
এদিকে এই ঘটনাটি জানার পর বুধবার দুপুরে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার আয়াসের পরিবারের সাথে দেখা করতে যান এবং সমবেদনা জানান।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিগত সময়ে সৃষ্ট অপরিকল্পিত সীমিত ড্রেনেজ অব্যবস্থাপনার ফলে শহরে এই জলাবদ্ধতা তৈরি হয়। এই সমস্যা দ্রুত সমাধানের কোনো সহজ উপায় নেই। তবে এখন মূল শহর এবং সড়কে দীর্ঘ সময় পানি জমে থাকে না, এটা আমরা নিশ্চিত করেছি। আগের সময়ে পানি যেখানে দুই-তিন দিন স্থির থাকত, এখন দ্রুত পানি সরে যায়।
তিনি আরও বলেন আগামী বর্ষার আগে বৃষ্টিজনিত জলাবদ্ধতা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টা চলমান রয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ