ঝালকাঠিতে সন্তানসহ নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে বুকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা সাইদুল ইসলাম। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে।
এর আগে শুক্রবার রাতে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নলছিটি শহরের ফেরিঘাট এলাকায় সুগন্ধা নদীতে ঝাঁপ দেন মা লাকি আক্তার। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে মা ও মেয়েকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, স্বামীর সঙ্গে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ হওয়ায় তীব্র মানসিক কষ্টে ভুগছিলেন তিনি এবং সেই ক্ষোভ ও কষ্ট থেকেই নদীতে ঝাঁপ দিয়েছেন।
এদিকে মামলার বাদী ও শিশুটির বাবা সাইদুল ইসলাম বলেন, গত এক মাস আগে লাকির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তার দাবি, সাবেক স্ত্রী পরিকল্পিতভাবে মেয়েকে হত্যার উদ্দেশ্যেই নিজের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার না করলে শিশুটি পানিতে ডুবে মারা যেত।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামি লাকি আক্তারকে গ্রেপ্তার করে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কে এম সবুজ, ঝালকাঠি