সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এই হামলায় তাঁর বাম হাতের কব্জি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত এবং দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছ দিয়ে যাওয়ার সময় জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত ও গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। তার বাম হাতের কব্জি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দুই পায়ের নিচের অংশে মারাত্মক জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় চুয়াডাঙ্গায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হামলায় জাহিন শেখের একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে দুজনের নাম পাওয়া গেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)