তীব্র স্রোতে ভেসে গেছে কলারোয়ার কাঠের সেতু, চরম দুর্ভোগ
সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের বেত্রবতী নদীর ওপর কাঁচাবাজার ও মুরারীকাটি কাঠের সংযোগ সেতুটি তীব্র স্রোতে ভেসে গেছে। আজ রোববার (১২ জুলাই) সকাল ৯টার দিকে হঠাৎ সেতুটি ভেসে যায়।
কাঠের সংযোগ সেতুটি ভেসে যাওয়ায় দুই এলাকার মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীরা।
স্থানীয়রা জানায়, রাতভর বৃষ্টির পানির চাপে নদীর স্রোত বেড়ে যায়। সকালে হঠাৎ করেই কাঠের সেতুটি স্রোতে ভেসে যায়।
কলারোয়া বাজারের ব্যবসায়ী বাবু জানান, এই কাঠের সেতুটি আমাদের দৈনন্দিন চলাচলের একমাত্র সহজ মাধ্যম ছিল। বাজারে যাওয়া, স্কুল-কলেজে যাওয়া, রোগী হাসপাতালে নেওয়াসহ সব কাজেই এটি ব্যবহার হতো। এখন ভেঙে যাওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি।
কাঁচা বাজারের ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, কাঠের সেতুটি ভেঙে যাওয়ায় কাঁচাবাজারে ক্রেতাদের যাতায়াত কমে যাবে। এতে আমাদের ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন বলেন, এই কাঠের সেতুটি ঝুকিপূর্ণ হলেও এর ওপর দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী, সাধারণ মানুষসহ অসংখ্য মানুষ যাতায়াত করত। গত বছর এই সেতুটি বর্ষাকালে তিনবার সংস্কার করা হয়। আজ সকালে সেতুটি ভেসে যায়। তাই দ্রুত অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ী একটি পাকা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম জানান, সেতুটি অতি দ্রুত সংস্কার করা হবে। যাতে মানুষ অস্থায়ীভাবে চলাচল করতে পারে এবং ওই স্থানে একটি পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।

কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর,কলারোয়া, তালা ও ভোমরা স্থলবন্দর)