চট্টগ্রামে পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম নগরের টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এবং দক্ষিণ কাট্টলি এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী অমিত, আজ রোববার (১২ জুলাই) দুর্গত এলাকা পরিদর্শনকালে দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা ও বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমানকে সঙ্গে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবে সরকার। জনগণের যেকোনো দুর্যোগে জনপ্রতিনিধিরা সবসময় মানুষের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম