টানা বৃষ্টিতে দৌলতদিয়ায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার
টানা কয়েক দিনের ভারি বৃষ্টি এবং বালুর চাতাল থেকে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বারের পাড়া এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শতাধিক পরিবারের বাড়িঘর, আঙিনা ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে রান্নাবান্না, বাজারে যাতায়াত, শিশুদের স্কুলে যাওয়া এবং বৃদ্ধদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বাড়ির চারপাশে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় জলাবদ্ধতার সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বালুর চাতালের মালিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। আপাতত বালুর চাতালের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করা হয়েছে। বৃষ্টির পানি নেমে গেলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়দের দাবি, শুধু সাময়িক ব্যবস্থা নয়, ভবিষ্যতে যাতে বর্ষা মৌসুমে এ ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য দ্রুত স্থায়ী ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

মো. কবির হোসেন, রাজবাড়ী