মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী যুবকের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিবেশী যুবক আলম মণ্ডলকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আলম মণ্ডল জেলার আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ৯ অক্টোবর মাদ্রাসা থেকে বাড়ি ফিরে কাপড় পরিবর্তন করছিল ১৩ বছর বয়সী ওই শিশু। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আলম। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে জয়পুরহাটের তৎকালীন আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১১ অক্টোবর শিশুটির বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানিতে ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আজ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজ আলী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।
এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আলী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে।'

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট