নিজেদের ৩১ দফাও লঙ্ঘন করছে বিএনপি : ব্যারিস্টার ফুয়াদ
জুলাই সনদ, গণভোটসহ বিএনপি নিজেদের ৩১ দফাও লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী ১১ দলীয় জোট আয়োজিত সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বারবার বেঈমানি করছে উল্লেখ করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপির নিজেদের প্রস্তাব ও পরামর্শের আলোকেই গণভোটের অধ্যাদেশ এবং গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অথচ এখন তারা গণভোটের গণরায় নিয়ে একটি শব্দও বলছে না।
১১ দলীয় জোটের স্থানীয় একটি কনভেনশন সেন্টারে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটেরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপি তাদের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে ইতোমধ্যে কমপক্ষে ছয় থেকে সাতটি দফা লঙ্ঘন করেছে। ৩১ দফার প্রথম দফায় তাদের স্পষ্ট ঘোষণা ছিল—সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। কিন্তু এখন তারা সংবিধান সংস্কার চাচ্ছে না। যারা জুলাই সনদের পাশাপাশি নিজেদের দেওয়া ৩১ দফাও লঙ্ঘন করে, তারা কীভাবে মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবে, তা আমাদের বোধগম্য নয়।
ব্যারিস্টার ফুয়াদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ইতিহাসের গতিধারায় জাতীয়তাবাদের যে রাজনীতি ছিল, শহীদ জিয়ার যে আদর্শিক রাজনীতি ছিল, তা থেকে আপনারা অনেক দূরে চলে গেছেন। আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের সঠিক রাজনীতির পথে ফিরে আসুন। তা না হলে জুলাই গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থান আবার ফিরে আসবে।
চলমান রাজনৈতিক লড়াই প্রসঙ্গে এবি পার্টির এই নেতা বলেন, আজকের এই লড়াই শুধু ২৪-এর গণঅভ্যুত্থানের লড়াই নয়; এই লড়াই হচ্ছে বাংলাদেশকে প্রকৃত ‘বাংলাদেশি’ বানানোর লড়াই। বাংলাদেশটাকে সবার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লড়াই। একটি সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক সার্বজনীন রাষ্ট্র গঠনের লড়াই-ই হচ্ছে জুলাই সনদ ও গণভোটের লড়াই। এই লড়াইয়ে জিতলে জিতে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন-জামায়াতের কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ।
এ ছাড়া খেলাফতে মজলিস জেলার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, বিডিপির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জাগপার জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন ও ফেনী শহর শিবিরের সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী