নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় জামায়াত নেতাকে অব্যাহতি
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন জেলা সেক্রেটারি হয়েছেন কুষ্টিয়া শহর শাখার বর্তমান আমির এনামুল হক। গতকাল সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিনও বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে (রুকন) দায়িত্ব পালন করতে পারবেন না। এই সাংগঠনিক নিয়মের কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে শহর শাখার বর্তমান আমির মো. এনামুল হককে মনোনীত করা হয়েছে। জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তির তথ্য নিশ্চিত করে জেলা জামায়াতের আমির এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সারা দেশের এমন সাতজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সর্বসম্মতিক্রমে কুষ্টিয়া জেলার নতুন সেক্রেটারি হিসেবে শহর জামায়াতের আমির এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবস্থিত বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক। দলীয় পদ হারানোর বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, জেলা জামায়াতের সেক্রেটারি পদ পাওয়ার আগেই তিনি এই গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। তবে সে সময় সংগঠনের গঠনতন্ত্রের এই ধারাটি শিথিল থাকায় তার সেক্রেটারি পদ পেতে কোনো বাধা হয়নি। তিনি আরও বলেন, চাকরি ছাড়লে তাকে আবার স্বপদে বহাল করা হবে।
কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত সারা দেশের রুকনদের জন্যই প্রযোজ্য উল্লেখ করে সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, এই নিয়মের কারণেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দলের এই সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং এতে তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া