গাইবান্ধায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসব চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছবি : এনটিভি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ছয় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার গোলাপবাগ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোডাউন থেকে ১০০টি চায়না দুয়ারি জাল এবং ৭০ পিস কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা