বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণে : হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, চট্টগ্রামে বন্যাকবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশে ভ্রমণে রয়েছে।
জুলাই পদযাত্রা উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধান সংস্কার কমিটি যদি সংবিধানে না থাকে, তাহলে ’২৬ সালের নির্বাচনও কোনো সংবিধানে ছিল না। নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনাদের নেতা-কর্মীদের থাকার কথা ছিল ধানক্ষেতে। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র-জনতা রাস্তায় নেমে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে। আর আপনারা ছাত্র-জনতাকে বৃদ্ধাঙ্গুলি দিখিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সরকারের উদ্দেশে বলেন, আপনাদের পায়ের তলায় মাটি নেই। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা যখন দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছে, তখন আপনারা আওয়ামী লীগ সরকারের মতো সেখানে বিভিন্ন সন্দেহ করেন। আপনাদের ছাত্রদল শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলে আখ্যায়িত করেছে।
শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছে। তবে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে সরে গেছে। জনগণ আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না।
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সোনারগাঁয়ের যিনি এমপি হয়েছেন, তার ছেলে চাঁদাবাজির অভিযোগে থানায় গিয়ে মুচলেকা দিয়ে এসেছেন। বাপ হচ্ছেন এমপি ছেলে করেন চাঁদাবাজি। সারা দেশে গ্যাসের সংকট হলেও সোনারগাঁয়ে বিএনপিনেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানা নির্মাণ করে লাখ লাখ টাকা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা।
পথসভায় হাসনাত আব্দুল্লাহ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন, সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাকিল সাইফুল্লাকে পরিচয় করিয়ে দেন।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)