ছাত্রদলনেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া গ্রামে জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দাউদপুরের কাজিরটেকে বড় আমদিয়া গ্রামে আলী নেওয়াজের কেনা ১৭ শতাংশ জমি হেলাল নামে এক ব্যক্তির পক্ষ নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ ও তার লোকজন জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এমনকি পুলিশের পক্ষ থেকে কাজ বন্ধের কোনো আদেশ এলেও কাজ চলবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। এ সময় আলী নেওয়াজের লোকজন কাজে বাধা দিলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ বলেন, হেলাল তার সম্পর্কে চাচা হন। তিনি ১০ বছর আগে জমিটি কিনলেও দখল নিতে পারেননি। চাচার সহায়তার অনুরোধে তিনি লোকজন নিয়ে গিয়ে জমিটি বুঝিয়ে দিয়েছেন, কোনো জবরদখল করেননি।
জমির দাবিদার হেলালও মুঠোফোনে বলেন, নিজের কেনা জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে তিনি সুলতান মাহমুদের সহায়তা নিয়েছেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেছে এবং কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)