কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবু, সাধারণ সম্পাদক টিপু
উদবাতুল বারী আবুকে সভাপতি এবং ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলের প্রবীণ নয়জন নেতাকে নিয়ে উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এর আগে গত বছর ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া সিনিয়র সহসভাপতি করা হয়েছে নজরুল ইসলাম (ভিপি)কে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান বিপ্লব। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজিউর রহমান রাজিব, সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহাম্মেদ ও মোসাম্মৎ ফরিদা আক্তার ডলি। কোষাধ্যক্ষ হিসেবে কমিটিতে রয়েছেন আহমেদ সোয়েব সোহেল৷
কমিটিতে মোট নয়জনকে উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. নীলুফা পারভীন।
পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পর্যায়ের সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, সহ-সম্পাদক ও ৬৪ জন সদস্যসহ মোট ১৫১ জন স্থান পেয়েছেন।
কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এই কমিটি কুমিল্লা মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, অর্পিত দায়িত্ব পালনে তিনি বদ্ধ পরিকর।
সভাপতি উদবাতুল বারী আবু বলেন, কমিটি অনুমোদন করায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই কমিটির মাধ্যমে মহানগর বিএনপি অতীতের চেয়ে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও কার্যকরভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা