হানিট্র্যাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪
নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের ফাঁদে ফেলে এবং ওয়েব পেজ ব্যবহার করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণীসহ ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পত্নীতলা উপজেলার সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার পুঁইয়া এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান বাঁধন (২৬), একই উপজেলার শিবপুর সরদার পাড়ার মমিনুর ইসলাম (২২), পোরশা উপজেলার সুতরইল এলাকার বাসিন্দা এক তরুণী (১৯) ও জয়পুরহাট সদর উপজেলার হালাট্টী এলাকার বাসিন্দা আরেক তরুণী।
পুলিশ জানায়, আটক সংঘবদ্ধ চক্রটি সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই অপরাধ সংঘটিত করে আসছিল। তারা ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করতো। পরবর্তীতে তাদের কৌশলে বাসায় ডেকে এনে মারধর করতো এবং মোবাইলফোনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। এসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো তারা।
এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি আভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে চক্রের দুই নারী ও দুই পুরুষ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এই অপকর্ম চালিয়ে আসছিল বলে জানায়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের বিষয়েও পুলিশ খোঁজখবর নিচ্ছে। চক্রের বাকি পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ