নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় আজ শনিবার (১৮ জুলাই) প্রায় দুই শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
দুপুরের দিকে নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকায় রেলওয়ে বড় স্টেশনে এলাকায় এসব চারা লাগিয়ে জেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রংধনু কচি-কাঁচার মেলা সাতপাই এর আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক বলেন, বৃক্ষরোপণ শুধু করলেই হবে না, তাকে পরিচর্যাও করতে হবে। গাছ বেড়ে উঠতে যা প্রয়োজন তার সব ব্যয় বহন করবে সরকার।
এ সময় সংসদ সদস্য আনোয়ারুল হক জেলা বিএনপির প্রতিটি ইউনিটের সব নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন রিপনের সভাপতিত্বে মধুমাছি কচিকাঁচা মেলার সদস্য হেদায়েত উল্লাহ রুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু। এতে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা বাপার সদস্য সচিব এ কে এম শহিদুল ইসলাম ছোটন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম-আহ্বায়ক সৈয়দ বজলুর রহমান পাঠান, সাবেক যুগ্ম-আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপিনেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজউদ্দীন ফারাস সেন্টু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দীন খান মিল্কী, জেলা বিএনপির নেতা মো. মোখলেছুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজসহ অন্যান্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), মধুমাছি কচিকাঁচা মেলার সদস্যসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভজন দাস, নেত্রকোনা