শিশুর শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশাচালককে গণধোলাই
নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন (৪৩) নামে এক অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটকে রাখা অবস্থায় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এ সময় তার গোপনাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
গতকাল সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাটখিল গ্রামে চার বছর বয়সী ওই শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও চিত্র পাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্তের পরিচয় নিশ্চিত করেন। সোমবার দুপুরে সুমন পুনরায় ওই এলাকায় গেলে স্থানীয়রা তাকে চিনে ফেলে ঘিরে ধরে মারধর করে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে অভিযুক্ত সুমনকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)