কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল ১২ লাখের গাইড ওয়াল
মানিকগঞ্জ পৌর শহরের রিজার্ভ ট্যাংক সংলগ্ন পুকুরপাড়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে গাইড ওয়ালের বড় একটি অংশ। সাম্প্রতিক টানা বৃষ্টিতে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ গাইড ওয়ালের প্রায় অর্ধেক এবং সংলগ্ন সড়কের একাংশ পুকুরে ধসে পড়ে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সেখানে নির্মিত একটি বসার বেঞ্চও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, আইইউজিআইপি, এলজিইডি ও মানিকগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে প্রায় ৯৮ লাখ ৩৪ হাজার ৯৫৮ টাকা ব্যয়ে নগর ভবন সড়ক থেকে সিআরপির দক্ষিণাংশ, ব্র্যাক অফিস সংলগ্ন সড়ক এবং রিজার্ভ ট্যাংক পুকুরপাড় উন্নয়ন ও সংস্কারের কাজ চলছে। ওই প্রকল্পের অংশ হিসেবেই এম এ ইঞ্জিনিয়ারিং-মুস্তাফিজুর রহমান জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে গাইড ওয়ালটি নির্মাণ করছিল।
গাইড ওয়াল ধসে পড়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠলেও পৌর কর্তৃপক্ষ বলছে, মূল সমস্যা নকশা ও প্রাক্কলন (এস্টিমেট) সংক্রান্ত।
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, টানা ভারি বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটলেও এর মূল কারণ নকশাগত ত্রুটি। মানিকগঞ্জের মাটির ওপরের স্তরের নিচে বালু বেশি থাকায় নিচ থেকে রিটেইনিং ওয়াল নির্মাণ করা উচিত ছিল। তৎকালীন টিএ কনসালট্যান্টের তৈরি নকশাকে অবাস্তবসম্মত আখ্যা দিয়ে তিনি বলেন, ঠিকাদার অনুমোদিত নকশা অনুসারেই কাজ করায় এ ক্ষেত্রে নকশা অনুমোদনকারী সংস্থারও দায় রয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান নকশায় এ কাজ টেকসই করা সম্ভব নয়। তাই স্থায়ী সমাধানের লক্ষ্যে অভিজ্ঞ ডিজাইনারদের দিয়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে নতুন নকশা প্রণয়নের জন্য প্রকল্প পরিচালক (পিডি) বরাবর চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ