আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার
নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্মাণ শ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় র্যাবের হাতে মোট দুজন আসামি গ্রেপ্তার হলো।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং র্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করে। তিনি লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।
এর আগে গত সোমবার (২০ জুলাই) রাতে ফরিদপুরের বোয়ালমারী থেকে মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেপ্তার করে র্যাব।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, গ্রেপ্তার রাজিবকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গত রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আলিনুর ফকিরকে ছুরি মেরে হত্যা করে রাজিব শেখ ও তার সহযোগীরা। এ ঘটনায় সোমবার রাতে নিহতের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিবকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৭ জনের নামে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এম. মুনীর চৌধুরী, নড়াইল