মহাসড়কের পাশে নারীর মরদেহ
বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই নারীকে গত কয়েকদিন ধরে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বরিশাল-ঢাকা মহাসড়কে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত হয়ে তিনি রাস্তার পাশের গভীর খাদে পড়ে মারা যান।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহালসহ সঠিক পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে সিআইডির একটি বিশেষ দল কাজ করছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল