দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের
এক মণ দুধ দিয়ে গোসল করে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়েছেন এক মাদক ব্যবসায়ী। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিজ বাড়িতে এ ঘোষণা দেন ওই যুবক। তার নাম আরমান।
আরমান বলেন, আমি দীর্ঘ দিন ধরে ভুল করে মাদকব্যবসা করছিলাম। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি জীবনে আর কোনো দিন মাদক ব্যবসা করব না। কাউকে করতেও দিব না। যদি আমার এলাকায় কেউ মাদক ব্যবসা করতে চায় তাহলে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে তাকে আইনের কাছে সোপর্দ করব।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা আরমান সম্প্রতি এলাকাবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন এবং ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। এ সময় তিনি সমাজের সবার কাছে ক্ষমা চান এবং সৎ পথে জীবনযাপন করার প্রতিশ্রুতি দেন।
স্থানীয়রা আরও জানায়, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারে। তবে এই ঘোষণা যেন বাস্তব জীবনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয় এবং তিনি স্থায়ীভাবে মাদক থেকে দূরে থাকেন।
সম্প্রতি পীরগঞ্জে মাদকবিরোধী কার্যক্রম জোরদার হয়েছে এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

এস কে সুজন, ঠাকুরগাঁও (পীরগঞ্জ-রানীশংকৈল)