জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া স্বেচ্ছাসেবক লীগনেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে সাবেক তিনবারের মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাত প্রায় ১টার দিকে ভৈরব পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব থানার পুরদর্শক (তদন্ত) লিমন বোস।
স্থানীয়রা জানায়, গত জুলাই সোমবার সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ব্যক্তিদের একাংশ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে ভিডিও ফুটেজ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে ভৈরব থানা পুলিশ। তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগনেতা নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রয়াত অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ভৈরবের রাজনৈতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বিপুল মানুষ জানাজায় অংশ নেয়।
এ ঘটনায় একই রাতে আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতারা বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ দেশের স্বাধীনতা যুদ্ধের প্রেরণার স্লোগান। এই স্লোগান মুখে ও অন্তরে ধারণ করেই মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। মরহুম ফখরুল আলম আক্কাছ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাই তাকে সম্মান জানাতে এই স্লোগান দেন নেতাকর্মীরা।
তবে নবী হোসেনকে গ্রেপ্তার ছাড়াও অন্যান্য নেতাদের বাড়িতে অভিযান বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পরিদর্শক (তদন্ত) লিমন বোস।

মোস্তাফিজ আমিন, ভৈরব