আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক ও নিরাপত্তাকর্মী বরখাস্ত
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীকে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই চিকিৎসকে সাময়িক বরখাস্ত এবং শ্যামনগরের দৃষ্টিপ্রতিবন্ধী এক মেধাবী তরুণীকে চাকরির আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
সাময়িক বরখাস্ত হয়েছেন তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি, নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সোহানা সেলিম।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।
স্বাস্থ্যমন্ত্রী সকালে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের রান্নাঘর, পুরুষ ও মহিলা ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), চিকিৎসক-কর্মকর্তাদের হাজিরা খাতা, ওয়াশরুম ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। সম্প্রতি হাসপাতালের এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নিকের বরখাস্ত করে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী হাসপাতালের চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করারও নির্দেশ দেন। বিশেষ করে ওয়াশরুমের সংস্কার ও অন্যান্য উন্নয়নকাজ নিয়মিত তদারকির কথা বলেন। পরে বেলা ২টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টা বিভিন্ন বিভাগ ঘুরে দেখে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার খোঁজ নেন। এ সময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিকিৎসক সোহানা সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো কম। দীর্ঘদিন চিকিৎসক নিয়োগ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তারপরও সীমিত জনবল নিয়ে এখানকার চিকিৎসকেরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, রোস্টার ডিউটি সঠিকভাবে পরিচালনা করতে হবে। অনেক সময় চিকিৎসকেরা হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করেন না। এসব বিষয়ে শৃঙ্খলা আনতে হবে। বিশেষ করে নার্সদের উপস্থিতি সন্তোষজনক নয়। দেশের অন্যান্য হাসপাতালের তুলনায় এখানে নার্সদের উপস্থিতি কম। বিষয়টি দ্রুত ঠিক করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। অল্প সময়ের মধ্যেই প্রকল্পের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু হবে। সাত থেকে আট তলাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে নারী ও পুরুষের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।
এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, তালা-কলারোয়ার সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘ্যসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কে এম আনিছুর রহমান সাতক্ষীরা
এস এম জিন্নাহ, সাতক্ষীরা