রাজধানীতে হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, নিহত ১
রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশের দেয়ালে ধাক্কা দিয়েছে। এ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রাজধানীর রেডিসন ব্লু হোটেলের স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত অন্য পথচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল হক দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস কালশী ফ্লাইওভার থেকে নামার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি সজোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশে থাকা জেনারেটর কক্ষের দেয়ালে গিয়ে ধাক্কা দেয়। এতে সেখানেই প্রাণ হারান ফুটপাতে থাকা রফিকুল।
পুলিশ কর্মকর্তা নাজমুল হক জানান, ঘটনার পরপরই পরিস্থান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাসের চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক