আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ এ রিট আবেদনটি দায়ের করেছিলেন। এতে ১৯৭৩ সালের আইনটিকে ‘অপ্রচলিত’, ‘কার্যকারিতাহীন’ ও ‘রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার’ হিসেবে আখ্যায়িত করে তা বাতিলের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছিল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সংঘটিত অপরাধের বিচারের জন্য নির্দিষ্ট এখতিয়ার দিয়ে আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে শিমলা ও ত্রিপক্ষীয় দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দিদের প্রত্যাবাসন ঘটায় এই আইনের মূল কার্যকারিতা তখনই শেষ হয়ে যায়। ২০০৯ সাল থেকে আইনটি রাজনৈতিক উদ্দেশ্যে পুনরুজ্জীবিত করার অভিযোগ আনা হয় রিটে।
এ ছাড়া রিটকারী দাবি করেন, আইনটির প্রয়োগ সংবিধানের ৩১ ও ৩৫ অনুচ্ছেদের লঙ্ঘন এবং হাইকোর্টের বিচারকদের দিয়ে ট্রাইব্যুনাল পরিচালনা বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন।

নিজস্ব প্রতিবেদক