বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহিয়ার সিপারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহিয়ার খান সিপারকে (৭৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং জেলা বিএনপির প্রবীণ নেতা ছিলেন।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মাহিয়ার খান সিপার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোলাম মাহিয়ার খান সিপারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মানিকগঞ্জজুড়ে নেমে আসে শোকের ছায়া। মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষ গভীর বেদনা নিয়ে স্মরণ করেন দেশপ্রেম, সততা ও আদর্শে অবিচল এই মানুষটিকে। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি ছিলেন একজন সৎ, বিচক্ষণ, দূরদর্শী এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
পরে আজ দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলার মাঠ) গোলাম মাহিয়ার খান সিপারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতা, যুদ্ধকালীন সহযোদ্ধা, জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো প্রিয় এই মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনেকের চোখেই ছিল অশ্রু, কণ্ঠে ছিল তাঁর স্মৃতিচারণা।
পরে সদর উপজেলার গড়পাড়ায় গোলাম মাহিয়ার খান সিপারের নিজ গ্রামের গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ