আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই বিএডিসির খাল খনন সম্পন্ন হবে : কৃষিমন্ত্রী
কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চলমান খাল খনন কর্মসূচি আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছেন।
আজ শনিবার (১ আগস্ট) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বন্যা ও উপকূলীয় অঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ১১৮টি নতুন জাতের ধানের বীজ সরবরাহের বিস্তৃত পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের প্রথম ধাপে ৩০ টন বীজ দ্রুত বিতরণ করা হবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় লবণাক্ততা সহনশীল নতুন নতুন জাতের ধান উদ্ভাবনের কাজও পুরোদমে এগিয়ে চলছে।
মন্ত্রী আরও বলেন, দেশের কৃষি বিজ্ঞানীরা খাদ্য নিরাপত্তা জোরদার করতে নিরলসভাবে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে পরিবেশ প্রতিকূলতা সহনশীল এবং উচ্চ ফলনশীল ধানের নতুন জাত উদ্ভাবনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তারসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা