পেটে ঢুকিয়ে ইয়াবা পাচার, আটক ১
গোপালগঞ্জের কাশিয়ানীতে পেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম রাজু নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দক্ষিণ শরীফপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক বলেন, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান খুলনায় পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম/কক্সবাজার থেকে আসা ‘দোলা পরিবহণ’র একটি বাসে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেন, তিনি বিশেষ কৌশলে নিজের পেটের ভেতর ইয়াবা বহন করে খুলনা নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তার পেটের এক্স-রে করে এবং বিশেষ প্রক্রিয়ায় পাকস্থলী থেকে বের করা হয় ২ হাজার ৩০০ পিস ইয়াবা।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ