১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
কুমিল্লার বরুড়া উপজেলায় অভিযান চালিয়ে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের মোট বোতল সংখ্যা গণনার কাজ চলছে। গণনা সম্পন্ন হলে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ চালানের সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা