বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত ও অগ্নিদগ্ধ হয়েছেন। আজ সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন- বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম।
ঘটনার বর্ণনা দিয়ে শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে রাখা একটি বালুর বস্তার ভেতরে রাখা বোমা সদৃশ বস্তু আকস্মিক বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা তার মা, বোন ও ভাগিনার শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়। যন্ত্রণা ও আগুন নেভাতে তারা দ্রুত ঘরের পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। হাসপাতালে নেওয়ার আগেই তাদের শরীরের পরনের পোশাক পুড়ে জখম হয়। তবে এই বোমার উৎস সম্পর্কে পরিবারের কেউ কিছু জানেন না বলে দাবি করেন তিনি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী ধরনের বিস্ফোরক উপাদান সেখানে ব্যবহৃত হয়েছিল এবং কারা এই ঘটনার পেছনে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত সম্পন্ন হলে বিস্তারিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল