রূপপুরে ২ রুশ নাগরিকের হাতাহাতি : একজনের মৃত্যু, অপরজন আইসিইউতে
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আজ সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম কুদরিন সার্গেই (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমের অল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, অতিরিক্ত মদ পানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই অসুস্থ হয়ে পড়েন। পরে গ্রিনসিটি থেকে পাবনা এসআরটি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ঘটনায় আহত অপর রুশ নাগরিককে পাবনা এসআর টিহাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। উভয়েই একই প্রতিষ্ঠানে চাকরি করলেও তার নাম জানা যায়নি।
পুলিশ আরও জানায়, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা