চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস
চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর গাছতলা সংলগ্ন দক্ষিণ পাশের সংযোগ সড়কের প্রায় ১৫ মিটার অংশ ধসে পড়েছে। ছবি : এনটিভি
চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর গাছতলা সংলগ্ন দক্ষিণ পাশের সংযোগ সড়কের প্রায় ১৫ মিটার অংশ ধসে পড়ে যানবাহন চলাচলে তীব্র ঝুঁকি সৃষ্টি হয়েছে। টানা কয়েক দিনের ভারি বর্ষণের ফলে গতকাল বুধবার (৫ আগস্ট) দুপুরে সড়কের এই অংশটি দেবে গিয়ে ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, বৃষ্টির কারণে সড়কটি ভাঙতে শুরু করলে তাৎক্ষণিকভাবে চালকদের সতর্ক করা হয়, যার ফলে সাময়িকভাবে ওই রুটে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পরবর্তীতে স্থানীয়রা দ্রুত চাঁদপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে খবর দেন।
চাঁদপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, দেবে যাওয়া অংশে ইতোমধ্যেই বালু ভরাটের কাজ চলছে এবং আবহাওয়া স্বাভাবিক থাকলে দ্রুত সময়ের মধ্যে রুটটি পুরোপুরি চলাচলের উপযোগী করা হবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর