গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের নাকাইহাট ভাটার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহানুর রহমান শুভ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ নাকাইহাট এলাকার মো. কাফি শেখের ছেলে। আহতরা হলেন- একই এলাকার লিখন (১৭) ও রুবেল (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা তিনজন মোটরসাইকেলযোগে বড়দহ ব্রিজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাকাইহাট ভাটার সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসাপাতালে পৌঁছানোর আগেই একজন মারা যান। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)