আজ চালু হচ্ছে গোপালগঞ্জ-ঢাকা সরাসরি ট্রেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (১০ আগস্ট) থেকে গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে। ‘অভিযাত্রী কমিউটার’ নামের প্রায় ৭০০ আসনের নতুন এই ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী। তাদের আশা, কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহণে নতুন সম্ভাবনা তৈরি হবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে প্রথম যাত্রা করবে ট্রেনটি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছানোর পর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গোপালগঞ্জ থেকে ঢাকায় ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা। যেখানে সড়কপথে যাতায়াতে সাধারণত ৬০০ থেকে ৮০০ টাকা খরচ হয়। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য নতুন এই রেলসেবা বিশেষ সুবিধা বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি সড়কপথের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে তুলনামূলক কম খরচে যাতায়াতের সুযোগ তৈরি হবে।
গোপালগঞ্জের রেলযান পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস বলেন, ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি এক জোড়া ট্রেন চালু করা স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ৭০০ আসনের এই ট্রেনে ১৪৫ টাকায় ঢাকায় যাতায়াত করা যাবে। ভবিষ্যতে অতিরিক্ত লাগেজ বগি যুক্ত হলে কৃষকরা কম খরচে কৃষিপণ্য রাজধানীর বাজারে পাঠাতে পারবেন।
স্থানীয় অটোচালক মো. সবুজ বলেন, বাসের তুলনায় অনেক কম খরচে ঢাকায় যাওয়া যাবে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বড় সুবিধা।
গোপালগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রত্না বৈদ্য বলেন, গোপালগঞ্জ থেকে রাজশাহী রুটে ট্রেন চলাচল করলেও ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ ছিল না। নতুন এই ট্রেন চালুর ফলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা অনেকটাই কমবে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ