বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থীতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ দুপুর দুইটার দিকে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির। ফলে মির্জা ফখরুলই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে দল ও সরকারের তিনটি পদ ফাঁকা হয়ে যাবে। সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের আগেই সরকারের স্থানীয় সরকারমন্ত্রী ও দলের মহাসচিব পদ ছাড়তে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করা হবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক