সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়
সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসায় ইলিশের আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো মাছঘাট এলাকা।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকেই বড়স্টেশন মাছঘাটের বিভিন্ন আড়তে ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। কেউ পরিবার নিয়ে, আবার কেউ দলবেঁধে এসেছেন পছন্দের ইলিশ কিনতে। তবে ইলিশের সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে। আর এক কেজির কম ওজনের ইলিশের দাম পড়ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। কয়েকদিনের তুলনায় আজ প্রতি কেজি ইলিশের দাম প্রায় ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে মাছঘাটে আসা ক্রেতারা জানান, ছুটির দিনে পরিবার নিয়ে ইলিশ কিনতে এসেছেন তারা। কিন্তু দাম বেড়ে যাওয়ায় অনেকেই চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে পারছেন না। ইলিশের দাম আরও কম হলে সাধারণ ক্রেতাদের জন্য কেনা সহজ হতো।
ঢাকা থেকে মাছঘাটে ক্রেতা পারভেজ জানান, চাঁদপুরের ইলিশের স্বাদ অন্যরকম, যা ঢাকা থেকে কিনে পাওয়া যায় না। শুক্রবার থাকায় মাছঘাটে অনেক ভিড়। সবচেয়ে বড় বিষয় ক্রেতা বেশি থাকায় দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ইলিশ দাম শুধু বাড়তে দেখি, কমতে দেখি না। দাম নিয়ন্ত্রণে না এলে ইলিশ কিনা সাধ্যের বাইরে চলে যাবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর