লটারির মাধ্যমে ঢাকা জেলার ৩৯ ইউপিতে কর্মচারী বদলি ও পদায়ন
ঢাকা জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্মরত কর্মচারীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির আয়োজন করেছে জেলা প্রশাসন।
আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদে মোট ৬২টি সংশ্লিষ্ট পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৯ জন কর্মরত রয়েছেন এবং ৩টি পদ শূন্য রয়েছে। বদলি কার্যক্রমের অংশ হিসেবে ৩৯টি ইউনিয়ন পরিষদের কর্মচারীদের লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়নের উদ্যোগ নেওয়া হয়।
লটারিতে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য ২৬ জন এবং সাভার ও ধামরাই উপজেলার জন্য ১৩ জন কর্মচারী অংশ নেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বদলি ও পদায়ন প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাখাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনিক বদলিতে যেন কোনো ধরনের স্বজনপ্রীতি, ব্যক্তিগত প্রভাব কিংবা অবৈধ তদবিরের সুযোগ না থাকে, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি।
তিনি বলেন, লটারির মাধ্যমে পদায়ন করা হলে প্রত্যেক কর্মচারীর জন্য সমান সুযোগ নিশ্চিত হয় এবং বদলি প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন বা সংশয়ের সুযোগ থাকে না। আমরা চাই, প্রশাসনের প্রতিটি কার্যক্রম নিয়ম ও নীতির ভিত্তিতে পরিচালিত হোক। এর মাধ্যমে অনৈতিক তদবিরের সংস্কৃতি কমবে, জবাবদিহিতা বাড়বে এবং প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।
লটারিতে পদায়ন পাওয়া কর্মচারীদের আগামী ১৭ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম।

নিজস্ব প্রতিবেদক