ইমাম-খাদেমের সরকারি সম্মানির তালিকায় জামায়াত নেতাদের নামের অভিযোগ
যশোরের কেশবপুরে সরকারি বরাদ্দের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানির তালিকায় জালিয়াতি করে জামায়াত নেতাদের নাম অন্তর্ভুক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের দায়িত্ব পালনকারী প্রকৃত ইমাম ও খাদেমকে বাদ দিয়ে স্থানীয় জামায়াত নেতাদের নাম সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
স্থানীয় মুসল্লি ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের মূল ইমাম মাওলানা আব্দুর রহমান এবং খাদেম আব্দুল রাজ্জাক। তবে তাদের নাম পরিবর্তন করে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তবিবুর রহমানকে ইমাম এবং গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে খাদেম হিসেবে দেখিয়ে সরকারি সম্মানীর তালিকার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানতে পেরে স্থানীয়দের পক্ষ থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগটি সঠিকভাবে তদন্তের জন্য সংসদ সদস্য পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে লিখিত নির্দেশ দেন।
তবে এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ তদন্ত না করে মাসুদ কামাল তার দলীয় ও পছন্দের ব্যক্তিদের তৈরি করা আগের তালিকাটিই সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। এতে প্রকৃত ইমাম ও খাদেম তাদের প্রাপ্য সরকারি সম্মানী থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি ইসলাম সরদার বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে তার কোনো মতামত নেওয়া হয়নি। স্থানীয় জামায়াত নেতারা নিজেদের মতো করে প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে মনগড়া তালিকা জমা দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। মসজিদ কমিটির সরবরাহ করা তালিকাই তিনি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। এতে তার নিজস্ব কোনো নির্দেশনা ছিল না।
বিষয়টি নিয়ে যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতি মাসে ইমামদের জন্য ৫ হাজার, মুয়াজ্জিনদের জন্য ৩ হাজার এবং খাদেমদের জন্য ২ হাজার টাকা সম্মানী বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে কেশবপুরের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদের তালিকা জমা নেওয়া হচ্ছে। এর মধ্যে আটটি বিএনপির পক্ষ থেকে এবং সাতটি সংসদ সদস্যের পক্ষ থেকে চূড়ান্ত করার কথা।
মোক্তার আলী আরও বলেন, গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের তালিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটি তদন্তাধীন। তদন্তে সঠিক ও সমাধানমূলক সিদ্ধান্ত পাওয়া না গেলে প্রয়োজনে তালিকা থেকে ওই মসজিদটি বাদ দিয়ে অন্য মসজিদ অন্তর্ভুক্ত করা হবে।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)